ছাত্রীর সঙ্গে সম্পর্কের ভিডিও ভাইরাল

রাণীনগরে শিক্ষককে শোকজ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

কয়েক দিন আগে নওগাঁর রাণীনগর বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে স্কুলটির সহকারী শিক্ষক (গ্রন্থাগার বিজ্ঞান) সাদেকুল ইসলাম পিটুর অনৈতিক সম্পর্কের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয় এবং সেই খবর দেশের বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালেও পায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক সাদেকুলকে শোকজ করেছে স্কুলটির কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকগণ বিকাল ৫টা পর্যন্ত মিটিং করে সাদেকুল ইসলামকে শোকজ করেন। সাত দিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়।

উল্লেখ্য যে, গত শনিবার ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ঘটনাটিকে নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। দ্রুত ঐ শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা ও ছাত্রীদের অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক উপজেলার বেলোবাড়ি গ্রামের মৃত আসরত আলী মিনার ছেলে সাদেকুল ইসলাম পিটু প্রায় ১০ বছর আগে রাণীনগর বালিকা বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক হিসেবে যোগদান করেন। এরপর থেকে পিটু ঐ বিদ্যালয়ের ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। এরই মধ্যে ঐ স্কুলের ৮ম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুবাদে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। এ বিষয়ে গত বছরই একটি ভিডিও প্রকাশ পেলে স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানাজানি হয়। সে সময় প্রভাবশালীদের হস্তক্ষেপে বিষয়টি ধামাচাপা পড়ে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাদেকুলের বক্তব্য জানতে মোবাইল ফোনে তার সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

রাণীনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রচারের পর গতকাল ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হোসেন গোল্লা বলেন, অভিযুক্ত শিক্ষক শোকজের জবাব দেওয়ার পর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।