জুনিয়র এশিয়া কাপ হকি আবারও স্থগিত

  স্পোর্টস রিপোর্টার

জুনিয়র এশিয়া কাপ হকি আগামী ১-১০ জুলাই ঢাকায় হওয়ার কথা ছিল। কিন্তু এবারও সেটি হচ্ছে না। করোনার প্রকোপ আরো বেড়ে যাওয়ায় হকির এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আবার স্থগিত করা হয়েছে। গতকাল দুপুরে স্থগিত হওয়ার কথা ঘোষণা করে হকি ফেডারেশন। এই টুর্নামেন্ট (অনূর্ধ্ব-২১) আয়োজনের ব্যাপারে আগেই ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়েছিল হকি ফেডারেশন, তখন অনুমতি দিলেও এবার করোনার বর্তমান পরিস্থিতিতে নতুন করে পরামর্শ চাইলে মন্ত্রণালয় টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কথা বলে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুল বলেন, ‘বর্তমানে কোভিডের কথা চিন্তা করে মন্ত্রণালয় টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে, তাই আপাতত জুনিয়র এশিয়া কাপ জুলাইয়ে হচ্ছে না। এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। তবে পূর্ব নির্ধারিত চ্যাম্পিয়ন্স কাপ ট্রফি হবে।’