‘বাবা হুজুর’ হত্যাকাণ্ডে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

বগুড়ায় মোজাফ্ফর হোসেন ওরফে বাবা হুজুর (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার বাবা হুজুরের ছোট ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে শাজাহানপুর থানায় এই হত্যা মামলা করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ (মিডিয়া) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মোজাফ্ফর হোসেন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের সুকাশ নওদাপাড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি বগুড়া শহরের কারবালা এলাকায় বসবাস করতেন। তিনি শহরের নিশিন্দারা এলাকায় দারুল হেদায়া কওমি হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ছিলেন।

গত মঙ্গলবার নাটোর-বগুড়া মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজসংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশার পথ রোধ করে প্রকাশ্য দিনদুপুরে মোজাফ্ফর হোসেনের বুকে পরপর ছয়টি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। হত্যাকাণ্ডের কারণও নিশ্চিত হওয়া যায়নি। সম্ভাব্য কয়েকটি কারণ সামনে রেখে তদন্ত চলছে।