ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টান, পড়ে গিয়ে নারীর মৃত্যু

রাজধানীর কমলাপুরে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে ছিটকে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম সুনিতা রানী দাস (৫০)। গতকাল বুধবার ভোরে মতিঝিল কমলাপুর বিআরটিসি বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহত সুনিতা রানী দাস মুগদা বৌদ্ধ মন্দিরে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। তার স্বামীর নাম সুজন চন্দ্র দাস। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়।       সুনিতা স্বামী এবং তিন সন্তান নিয়ে মুগদা ঋষিপাড়ায় থাকতেন।

নিহতের ভাগিনা সুজিত দাস জানান, গত মঙ্গলবার তার খালা সুনিতা রানী তার ডেমরার বাসায় যান। সেখান থেকে গতকাল ভোরে তিনিসহ সুনিতা রানী রিকশাযোগে শান্তিনগর যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে তাদের বহনকারী রিকশাটি কমলাপুর বাস ডিপোর সামনে পৌঁছলে সাদা রঙয়ের একটি প্রাইভেটকারে থাকা দুই জন ছিনতাইকারী তার খালার কাঁধে ঝুলানো ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। তখন রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন সুনিতা রানী।  ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে প্রাইভেটকারে পালিয়ে যায়। গুরুতর আহত সুনিতা রানীকে মুগদা হাসপাতালে নিয়ে যান সুজিত। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে বেলা সোয়া ১১টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শ) মো. বাচ্চু মিয়া জানান, সকালের দিকে মতিঝিল বিআরটিসি ডিপোর পাশে ছিনতাইকারীরা রিকশা আরোহী সুনিতা রানীর ব্যাগ টান দিলে তিনি পড়ে গুরুতর আহত হন। পরে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সুনিতা রানীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে মাথার আঘাত গুরুতর ছিল বলে চিকিত্সকরা জানিয়েছেন। তিনি আরো জানান, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তিনি আরো জানান, মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত জানিয়েছেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ছিনতাইকারীসহ প্রাইভেটকার শনাক্তে তাদের কটি টিম কাজ করছে।