মিঠাপুকুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

মিঠাপুকুরে শসা খাওয়ানোর প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মজমুল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মজমুল মিয়া উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের জোতগোকুল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং কাঁচামাল ব্যবসায়ী।

পুলিশ জানায়, গত রবিবার দরিদ্র কাঠমিস্ত্রির পাঁচ বছর বয়সি মেয়ে দুপুরে সমবয়সিদের সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় ঐ যুবক শিশুটিকে শসা খাওয়ানোর কথা বলে পার্শ্ববর্তী একটি ভুট্টাখেতে নিয়ে যায়। এরপর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিত্কারে অন্য শিশুরা ঘটনাস্থলে গেলে মজমুল পালিয়ে যায়। অন্য শিশুরা বিষয়টি তার বাড়িতে গিয়ে জানায়। বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় একটি মামলা করেছেন। গতকাল পুলিশ জোতগোকুল গ্রামে অভিযান চালিয়ে মজমুলকে গ্রেফতার করে।