করোনা ভাইরাসের মহাসঙ্কটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পূর্বের ন্যায় বর্তমানেও যুবলীগ কর্মহীন, ছিন্নমূল, অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। যুবলীগ এখন একটি মানবিক সংগঠনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের আহ্বানে ধানমণ্ডি থানা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আহাদ হোসেন সোহাগের আয়োজনে আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্ন ওয়ার্ডে ১৫ হাজার অসহায়, দরিদ্র, কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ধানমণ্ডিতে একটি কমিউনিটি সেন্টারে উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। খাদ্য সহায়তা, ফ্রি চিকিৎসাসেবা প্রদান থেকে লাশ দাফন করা পর্যন্ত সকল কাজের সাথে যুবলীগ নেতা-কর্মীরা সম্পৃক্ত রয়েছেন। করোনা ভাইরাস মহামারী ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধানও কেটে দিচ্ছে যুবলীগ।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগের উপ-অর্থ সম্পাদক সরিফুল ইসলাম দুর্জয়, সহ-সম্পাদক রাজু আহম্মেদ, কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম জোয়ার্দ্দার, ধানমণ্ডি থানা যুবলীগের সাবেক আহ্বায়ক হোসেন আলী আফরাদ এবং মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
করোনা ভাইরাসের মহামারীর মধ্যে চলমান লকডাউনের সময় ৭ লাখের বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে যুবলীগ। করোনা ভাইরাসের প্রথম পর্যায়ে যুবলীগ ৪৪ লাখের বেশি অসহায়, কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছিল। তারই ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় পর্যায়েও পবিত্র রমজানের প্রথম দিন থেকেই লকডাউনে ক্ষতিগ্রস্ত ৭ লাখের বেশি মানুষের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
যতদিন এই সঙ্কট দূর না হবে, ততদিন যুবলীগের ত্রাণ ও খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, যে কোনো সঙ্কটে, দুর্বিপাকে, সংগ্রামে যুবলীগ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে যাবে যুবলীগ।
ইত্তেফাক/বিএএফ