জনস্বার্থে রিট করে জরিমানা গুনলেন ইউনূস আলী

জনস্বার্থে রিট করে জরিমানার সম্মুখীন হলেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের শুনানির সময় আদালতে হাজির না থাকায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেয়। 

আদালত বলে, রিট আবেদন দাখিল করে আইনজীবী ইউনূস আলী আকন্দ মিডিয়ায় নিউজ দেন। কিন্তু মামলা তালিকায় আসার পর শুনানির জন্য উনি আর কোর্টে  হাজির থাকেন না। আদালতের সঙ্গে এমন আচরণ কেন? পরে হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে।

জরুরি অবস্থা জারি ব্যতীত দেশে লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট করেন ইউনূস আলী আকন্দ। রিটে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের বিস্তার রোধে লকডাউন জারি করে সরকার। এই লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনি রিট করেন।

গত বছর একই বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল। তখন হাইকোর্ট বলেছিল, লকডাউন আরোপ সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়।

প্রসঙ্গত গত বছর আদালত অবমাননার মামলায় আপিল বিভাগ ইউনূস আলী আকন্দকে তিন মাস আইন পেশা পরিচালনা থেকে বিরত করে। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করে দেশের সর্বোচ্চ আদালত।