সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মুসল্লিদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। এমন অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম তাকে গ্রেফতার করেছে। খুলনা মহানগর এলাকা থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।
তিনি বলেন, হজ মৌসুমকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র বিভিন্ন মাওলানা, বিশেষ করে মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসলমানদের সরকারিভাবে হজের জন্য নিবন্ধিত হয়েছেন মর্মে ফোন করেন। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে নিবন্ধনের কাজ দ্রুত করতে সাত হাজার ৫০০ টাকা পাঠানোর জন্য একটি বিকাশ বা নগদ নম্বর পাঠান। টাকা না পাঠালে নিবন্ধন বাতিল হবে বলে জানান অপরাধীরা। নোয়াখালী-১ আসনে সংসদ সদস্যের সহকারী একান্ত সচিব (এপিএস) পরিচয় দিয়ে এ ধরইের প্রতারণা করেছে চক্রটি।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, প্রতারকরা ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা ও নোয়াখালী-১ আসনের এমপির এপিএস পরিচয় দিয়ে হজ গমনে ইচ্ছুকদের ফোন করেন। সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর প্রলোভন দেখিয়ে হজ গমনেচ্ছুদের ফোন করে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল প্রতারকরা। এমন অভিযোগের ভিত্তিতে নজরুলকে গ্রেফতার করা হয়।
এ বছর যারা হজে যাবেন সরকারিভাবে নিবন্ধিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হজ কল সেন্টারের ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করে তথ্য জানার অনুরোধ করেন এ কে এম হাফিজ আক্তার।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় করা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলেও জানান ডিবির এ কর্মকর্তা।
উল্লেখ্য, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধনের নামে প্রতারণার অপরাধে গত সোমবার শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা ইয়াকুব আলী জুলমাতি এ মামলা করেন।