করোনা নির্মূলে টিকার তৃতীয় ডোজ দেবে ব্রিটেন

এ বছর বড়দিনের মধ্যে করোনা সংক্রমণের আশঙ্কা একেবারে মুছে ফেলতে ৫০ বছরের বেশি বয়সিদের করোনা টিকার তৃতীয় ডোজ দেবে ব্রিটেন। সম্প্রতি দেশটির এক সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান মেডিক্যাল অফিসার ক্রিস হিট্টি। বড়দিনের আগে করোনা রুখে দেওয়ার লক্ষ্যে দুটি উপায়ের কথা ভেবেছে ব্রিটেন। তা নিয়ে পরীক্ষানিরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ক্রিস। করোনার নতুন যে সব প্রজাতি ছড়িয়ে পড়েছে বিশ্বে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হওয়ার মতো টিকা তৈরির প্রস্তুতি চলছে। ফাইজার-বায়োএনটেক, অক্সোফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না—প্রচলিত এই টিকাগুলোরই তৃতীয় ডোজ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার ব্রিটেন সরকারের দেওয়া তথ্য বলছে, সে দেশে ৩ কোটি ৪৬ লাখের বেশি লোককে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকেই দ্বিতীয় ডোজও পেয়েছেন। ৫০-এর বেশি বয়সিদের জন্য তৃতীয় ডোজেরও চিন্তা করছে ব্রিটেন। ব্রিটেনের জনসংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লাখ। কিছুদিন আগেই ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ফাইজারের আরো ৬ কোটি ডোজ কিনবেন তারা।