ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর বিরোধী নেতা ইয়াইর ল্যাপিদকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রিভলিন গতকাল বুধবার এই তথ্য জানান। খবর রয়টার্স ও ডয়চেভেলের
প্রেসিডেন্ট জানিয়েছেন, পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে ল্যাপিদের ৫৬ এমপির সমর্থন রয়েছে। যদিও সংখ্যাগরিষ্ঠতা পেতে আরো বাকি। কিছু সমস্যা থাকলেও ল্যাপিদ সরকার গঠন করতে পারবেন বলে প্রেসিডেন্ট আশা করেন। মনোনয়ন গ্রহণ করে ল্যাপিদ বলেন, তিনি বাম, ডান এবং মধ্যপন্থিদের নিয়ে সরকার গঠন করবেন। এর মাধ্যমে বার্তা দেওয়া হবে যে আমরা কেউ কাউকে ঘৃণা করবো না। তবে তিনি নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠন করতে অস্বীকৃতি জানিয়েছেন। কারণ নেতানিয়াহু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বলে ৫৭ বছর বয়সী ল্যাপিদ উল্লেখ করেছেন। এদিকে নেতানিয়াহু সরকার গঠন করতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেতানিয়াহু তাকে সমর্থন দিতে কট্টর জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেটের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ল্যাপিদের সরকার হবে বামপন্থি যা দেশের জন্য খুবই বিপজ্জনক।
মঙ্গলবার মধ্যরাতের মধ্যে নেতানিয়াহুর সরকার গঠন করার কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় গরিষ্ঠতা না থাকায় প্রেসিডেন্টের অফিসকে নেতানিয়াহু জানিয়ে দেন যে তিনি সরকার গঠন করতে পারবেন না। এবার প্রেসিডেন্ট অন্য দলকে সুযোগ দেন। যদি এটা ঘটে তাহলে ১২ বছর পর বিরোধী আসনে বসবেন নেতানিয়াহু এবং তার দলের নির্বাচিত সদস্যরা। ইসরাইলে গত দুই বছরে চারবার ভোট হয়েছে। নেতারা জোট গঠন করতে হিমশিম খেয়েছেন। শেষ নির্বাচন হয়েছে গত মার্চে। কোনো দল যদি সরকার গঠন করতে না পারে, তাহলে দুই বছরে পাঁচবার ভোট হবে ইসরাইলে। ২০০৯ সাল থেকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ৭১ বছর বয়সী এই নেতা ইসরাইলে সবচেয়ে বেশিদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্তও তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে এখন দুর্নীতি ও জালিয়াতির অভিযোগের বিচার চলছে। তিনি অবশ্য নিজেকে নির্দোষ ঘোষণা করেছেন। কিন্তু এই অভিযোগের ফলে তিনি বেকায়দায় পড়েছেন।