দেশের মত্স্যসম্পদের উত্পাদন ব্যাহতকারীদের কোনো ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে মত্স্য উত্পাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ সাফল্যের পথে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার রাজধানীর গুলশানে নৌপুলিশ সদর দপ্তরে নৌপুলিশ কর্মকর্তাদের সঙ্গে মত্স্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌপুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার এবং মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ। মন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশের মত্স্যসম্পদের উত্পাদন বৃদ্ধি পেয়ে ৪৫ লাখ টনের বেশি হয়েছে। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলাদেশ নৌপুলিশের।