নির্মাণ হচ্ছে ১ হাজার ‘গরু আশ্রম’, ২৩ টাকা ‘ভাতা’ গরু প্রতি

আগামী ছয় মাসের মধ্যেই রাজ্যে ১ হাজার ‘গরু আশ্রম’ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কমলনাথ। এসব আশ্রমে প্রায় ১ লাখ গরুর থাকার জায়গা হবে বলে জানানো হয়। 

কমলনাথের বিশেষ সহযোগী ভুপেন্দ্র গুপ্ত বার্তা সংস্থা এএনআই’কে জানিয়েছেন, বেওয়ারিশ গরুদের আশ্রয় দিতে রাজ্য সরকার ৪৫০ কোটি রুপির প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া এসব প্রকল্প পরবর্তীতে ধীরে ধীরে আরো বাড়ানো হবে বলে জানানো হয়। 

ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রদেশে প্রায় ৬ লাখের বেশি বেওয়ারিশ গরু রয়েছে। এসব গরুদের পর্যায়ক্রমে সরকারি আশ্রমের অধীনে নিয়ে আসা হবে। 

বর্তমানে সরকার পরিচালিত গরু আশ্রম কোথাও নেই বলে জানান ভুপেন্দ্র। তিনি বলেন, এমন উদ্যোগ এই প্রথম নেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে নির্মিতব্য ১ হাজার আশ্রমের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ৬১৪টি আশ্রম নির্মাণের কাজ চলছে। 

তিনি আরো জানান, এসব আশ্রমের ধারণক্ষমতা বাড়িয়ে ৬০হাজার করা হবে এবং প্রথম দফায় ১ লাখ ৬০ হাজার গরুর আশ্রয় হবে। 

ভুপেন্দ্র জানান, দৈনিক প্রতি গরুর খাবারের খরচ বাবদ (বাংলাদেশী মুদ্রায়) ২৩ টাকা বরাদ্দ করতে একটি প্রস্তাবও পেশ করা হয়েছে। 

ভারতে অনেক হিন্দুধর্মাবলম্বী গরুকে ‘দেবতা’ হিসেবে ভক্তি করে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। 

ইত্তেফাক/এসআর