দীর্ঘদিন ধরে সুপেয় পানি সংকটে ভুগছে বাংলাদেশের দক্ষিণ উপকূলবর্তী জেলা সাতক্ষীরার মানুষজন। উপকূলবর্তী এই জেলাটিকে অসংখ্য নদ-নদী, খাল-বিল চারপাশ থেকে ঘিরে রাখলেও পান করার মতো বিশুদ্ধ পানি সেখানে একেবারেই নগণ্য। টিউবওয়েল থেকে পাওয়া পানি লবণাক্ত হওয়ায় তা পানের অযোগ্য। সদরের অবস্থা কিছুটা স্বস্তিজনক হলেও এর কয়েকটি উপজেলা, যেমন আশাশুনি ও শ্যামনগরের অবস্থা ভয়াবহ। এলাকাগুলোতে পানি বিশুদ্ধকরণ ফিল্টারের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই স্বল্প। ফলে দূরদূরান্তের মানুষ এসে একটা ফিল্টারে ভিড় জমায়। বলার অপেক্ষা রাখে না যে, এটা কতটা সময়সাপেক্ষ, কষ্টকর এবং হয়রানি। তাছাড়া শুকনো মৌসুমে এই অবস্থা আরো গুরুতর হয়ে ওঠে। এ বিষয়ে অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েও কার্যকর সমাধান পাওয়া যায়নি। এ অবস্থায়, সাতক্ষীরাবাসীর পানীয়জলের অভাব ঘোচাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ফজলে রাব্বী
সাতক্ষীরা