পত্নীতলায় সংঘর্ষে ছেলের মৃত্যু বাবার অবস্থা আশঙ্কাজনক

গ্রেফতার ৪

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় বুধবার বাঁশ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত রাজু ইসলাম (২১) মারা গেছেন। রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। একই ঘটনায় নিহতের বাবা আফজাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের মামা এনামুল ইসলাম রাতেই আটজনকে আসামি করে পত্নীতলা থানায় মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ডাসনগর গ্রামের আফজাল হোসেনের বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর পড়ে যাওয়া বাঁশ কাটতে গেলে ছয়ফুলের নেতৃত্বে মামলার আসামিরা পূর্বশত্রুতার জের ধরে হামলা করে। এ সময় ছয়ফুল হোসেন হাঁসুয়া দিয়ে আফজাল হোসেনের মাথায় আঘাত করলে তিনি আহত হন। বাবাকে বাঁচাতে রাজু এগিয়ে এলে মুকুল হোসেন লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় স্বামী ও সন্তানকে বাঁচানোর জন্য রাজুর মা বেনজু আরা বেগম এগিয়ে গেলে তাকেও বেদম মারধর করে। পরে পরিবারের অন্য সদস্য ও গ্রামবাসী গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিত্সকের পরামর্শে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতেই রাজু মারা যায়।

পত্নীতলা থানার ওসি সামসুল আলম শাহ জানান, পুলিশ বুধবার রাতেই এজাহারভুক্ত আসামি মুকুল হোসেন, মামুন হোসেন, গোলাপী বেগম ও গকুল বেগমকে গ্রেফতার করেছে। তাদের বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।