পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর:

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জে মহাসড়কের শাহীবাগ মোড় হোসেন পেট্রোল পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী মিলন হোসেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মোটরসাইকেল আরোহী মিলন হোসেনকে পেছন থেকে ট্রাকটি ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত মিলন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের কারবালা মোড়ের যোবদুল ইসলামের ছেলে। সদর মডেল থানার এসআই এরশাদ আলী বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রুবায়েত আফরোজ সেজুতি (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল সকালে উপজেলার সাতেঙ্গা গ্রামে ঘটে। সেজুতি উপজেলার সাতেঙ্গা গ্রামের রুহুল আমীন মাস্টারের মেয়ে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

বাঘা (রাজশাহী) : বাঘায় সকালে ভটভটির ধাক্কায় পোস্ট মাষ্টার আজিজুল হকের মৃত্যু হয়েছে। নিহত আজিজুল হক তার নিজ এলাকার তেথুলিয়া পোস্ট অফিসের সাব-পোস্ট মাষ্টার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি উপজেলার বাউসা ইউনিয়নের তেথুলিয়া মাঝপাড়া গ্রামে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।