বরিশাল অফিস
বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমির নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বরিশালসহ দেশের চারটি স্থানে মেরিন একাডেমির উদ্বোধন করেন। উদ্বোধনের সময় বরিশাল প্রান্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদলসহ অন্যরা। বরিশালের কীর্তনখোলা নদীর পূর্ব তীরে কর্ণকাঠী এলাকায় ১০ একর জমির ওপর ১২২ কোটি টাকা ব্যয়ে মেরিন একাডেমি নির্মিত হয়েছে। এই ক্যাম্পাসের মধ্যে একাডেমিক ভবন, হোস্টেল, কমাড্যান্ট বাংলো, মসজিদ, জিমনেশিয়াম, খেলার মাঠ ও সুইমিং পুল রয়েছে। মেরিন একাডেমিতে প্রতি ব্যাচে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। বরিশাল মেরিন একাডেমির হোস্টেলে ২৪২ জন শিক্ষার্থী থাকার ব্যবস্থা রয়েছে। মেরিন একাডেমিতে চার বছর মেয়াদি কোর্স করে উত্তীর্ণ শিক্ষার্থীরা নৌপথে আন্তর্জাতিক পরিমণ্ডলে জাহাজ পরিচালনা করতে পারবেন। বরিশাল ছাড়াও সিলেট, রংপুর ও পাবনায় একই সঙ্গে আরো তিনটি মেরিন একাডেমির উদ্বোধন করা হয়। এ নিয়ে দেশে মেরিন একাডেমির সংখ্যা পাঁচটি।