জনসংখ্যা বাড়লেও খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব —কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, খাদ্য নিরাপত্তায় অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। প্রতি বছর জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে নানা কারণে চাষযোগ্য জমির পরিমাণ কমছে। রয়েছে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবও। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিমধ্যে ফসলের নানা জাত ও চাষাবাদের প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। ফলে, ক্রমশ জনসংখ্যা বাড়লেও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার চিনিয়াতলায় মহল্লার মাঠে ব্রিধান-৮১ জাতের ধান কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজকে মাঠে ব্রি ৮১ জাতের ধান কাটা হচ্ছে। এর ফলন ভালো। বিঘাপ্রতি ৩০ থেকে ৩১ মণ। অচিরেই ব্রিধান-৮১-এর জনপ্রিয়তা ব্রিধান-২৮-এর মতো হবে। এ উচ্চ ফলনশীল জাতটি চাষের মাধ্যমে ধান উত্পাদন উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তায় এটি আশানুরূপ ভূমিকা রাখবে।