ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের কারণে সংকটে পড়া কর্মহীন, ছিন্নমূল, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন। গতকাল কলাবাগান, সোবহানবাগ, শুক্রাবাদ ও তল্লাবাগ এলাকায় মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ প্যাকেট খাদ্যসামগ্রী অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল, তিন কেজি আলু ও এক কেজি লবণ ছিল। ফাউন্ডেশনের পক্ষে এই ত্রাণ বিতরণে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ। তিনি ছাড়াও মোহাম্মদ নাসিমের তিন ছেলে এই ফাউন্ডেশনের সদস্য।
ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয় সোবহানবাগ এলাকায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তোফাজ্জল হোসেন দয়াল, কলাবাগান থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাধু, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নূর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জাকিরসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গত বছর করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম অসহায় মানুষের মধ্যে প্রতিদিনই ত্রাণ বিতরণ করেছিলেন। মোহাম্মদ নাসিমের পিতা শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী দেশের প্রধানমন্ত্রীও ছিলেন। জাতীয় চার নেতার একজন এম মনসুর আলী, যিনি পঁচাত্তরের ৩ নভেম্বর কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় নির্মমভাবে খুন হন। আর গত ১৩ জুন না ফেরার দেশে চলে গেছেন মোহাম্মদ নাসিম।