জনগণের পাশে থাকাই আওয়ামী লীগের রাজনীতি :তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অন্য কোনো রাজনীতি নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখন জনগণের পাশে থাকাই আওয়ামী লীগের রাজনীতি।’ গতকাল মিরপুর মাজার রোডের টালি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দারুস সালাম থানার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল (বুধবার) অনলাইনে উঁকি দিয়ে টিভির পর্দায় যেভাবে করোনা নিয়ে কথা বললেন, তাতে মনে হলো তিনি করোনা বিশেষজ্ঞ। তিনি ঢাকা কলেজে পড়াতেন জানতাম, কিন্তু তিনি ১৪ মাসের মধ্যে এফআরসিএস পাশ করে ফেলেছেন, করোনা মহামারিতে বিশেষজ্ঞ হয়ে গেছেন, সেটি আমরা বুঝতে পারিনি।’

‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, সরকার নাকি বাংলাদেশে করোনার শুরুতে বুঝতে পারেনি। অথচ বাংলাদেশে করোনা মহামারির শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সময়োচিত পদক্ষেপের কারণে মহামারির গত ১৪ মাসে কেউ অনাহারে মৃত্যুবরণ করেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনা মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষ এবং করোনাপীড়িত গত বছরে ধ্বনাত্মক জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী বিশ্বের মাত্র ২০টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থানের অধিকারী বলে জানান ড. হাছান।

তবু দুর্মুখদের মুখ থেমে নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি ও তাদের মিত্ররা টিভির পর্দায় আর অনলাইনে উঁকি দিয়ে প্রতিদিন সরকারের সমালোচনাই করছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারিতে জনগণের পাশে থাকাই আওয়ামী লীগের রাজনীতি এবং দেশব্যাপী দলের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছেন।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দারুস সালাম থানার সভাপতি এ বি এম মাজহারুল আনামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। দলের দারুস সালাম থানা শাখার নেতা মো. গিয়াসউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ১ হাজার করোনাপীড়িত পরিবারের হাতে খাদ্য ও বস্ত্রের প্যাকেট তুলে দেন অতিথিরা।