গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। গতকাল মেয়র মো. জাহাঙ্গীর আলম তার ছয়দানাস্থ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণ করেন। গাজীপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ও মেয়রের নিজস্ব অর্থায়নে এ মেশিন দেওয়া হয়। এ সময় গাজীপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস, সংস্থার জেলা কর্মকর্তা শাহনাজ পারভীন, সদস্য হোসনে আরা সিদ্দিকী জুলি ও আয়েশা খাতুন শেলি প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্থার চেয়ারম্যান সেলিনা ইউনুস জানান, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আরো সেলাই মেশিন দেওয়া হবে।