ইত্তেফাক রিপোর্ট
আসন্ন ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে করপোরেট কর হার কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। একই সঙ্গে নন লাইফ ইনসিওরেন্সের রি-ইনসিওরেন্স পলিসির ক্ষেত্রে দ্বৈত কর প্রত্যাহার চায় সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাক-বাজেট ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বিআইএর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কে এম মনিরুল হক, নাসির উদ্দিন পাভেলসহ সংগঠনের নেতারা। শেখ কবির হোসেন বলেন, রি-ইনসিওরেন্স করার সময় আমরা একবার কর দেই, পরবর্তী সময়ে আবারও আমাদের কাছে কর দাবি করা হয়। আমরা এই দ্বৈত কর প্রত্যাহার চাই। সেই সঙ্গে লাইফ ইনসিওরেন্সের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং নন লাইফ ইনসিওরেন্সের করপোরেট কর ৩৫ শতাংশ করার দাবি জানান। বিমা খাতের প্রসারের স্বার্থে বিমা এজেন্টের ওপর আরোপিত গেইন ট্যাক্সও প্রত্যাহার চান বিআইএ সভাপতি।