করোনা মোকাবিলায় ৫ কোটি টাকার সহায়তা দিচ্ছে কোকা-কোলা

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলার অংশ হিসেবে, অংশীদারিত্বমূলক কর্মসূচির মাধ্যমে প্রায় ৫ কোটি টাকার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোমলপানীয় কোম্পানি কোকা-কোলা। বাংলাদেশে নিজস্ব সিস্টেমের মাধ্যমে করোনা ভাইরাসের টিকা প্রদান কর্মসূচিতে সাহায্য, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী সরবরাহ ও জনসচেতনতা তৈরির পাশাপাশি সম্মুখসারির করোনা যোদ্ধাদের মধ্যে কোমলপানীয় বিতরণ করবে কোকা-কোলা। এই কর্মসূচিতে ২০ লাখেরও বেশি মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া করোনা চিকিত্সায় ব্যবহূত কমিউনিটি হাসপাতালগুলোতে ১০ লাখ বোতল কিনেল (৫০০ এমএল) পানি সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণের মাধ্যমে সারা দেশে জনসচেতনতা তৈরি করছে কোকা-কোলার পানীয় প্রস্তুতকারী অংশীদার প্রতিষ্ঠান।

গত বছর করোনা মহামারির প্রথম ঢেউ বাংলাদেশে আঘাত হানার পর সরকারি প্রচেষ্টায় সহযোগিতার অংশ হিসেবে প্রায় ১১.৫ কোটি টাকার আর্থিকসহায়তা প্রদান করে কোকা-কোলা। এই অর্থ দিয়ে দেশের নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ৫০ হাজারেরও বেশি মানুষকে এক মাসেরও বেশি সময়ের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে দেওয়া হয়। এছাড়া, করোনার বিরুদ্ধে লড়াইকারী ১ হাজারেরও বেশিসংখ্যক সম্মুখসারির চিকিত্সকদের জন্য ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) সরবরাহ করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি