বদরগঞ্জে চেক জালিয়াতির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে চেক জালিয়াতি মামলায় ইউপি চেয়ারম্যান আয়নাল হককে গ্রেফতার করেছে পুলিশ। আয়নাল হক বদরগঞ্জ উপজেলার ১০ নম্বর মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেন বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। 

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় আসামি আয়নাল হককে গতকাল বুধবার  মধ্য রাতে তার বাসা থেকে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতি মামলা রয়েছে।

ইউপি চেয়ারম্যান আয়নাল হকের পরিবারের দাবি, মামলায় জামিনে থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না। তার জামিনের কাগজপত্র আইনজীবীর কাছে রয়েছে। জামিনের রিকল নিয়ে থানায় যোগাযোগ করা হবে।

ওসি হাবিবুর রহমান আরো বলেন, ইউপি চেয়ারম্যান আয়নাল হক চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের নির্দেশনায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।