স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য আর নেই। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অনুপ ভট্টাচার্যকে মৃত অবস্থায়ই নিয়ে আসা হয়। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।’ ১৯৪৫ সালে অনুপ ভট্টাচার্যের জন্ম। তার বয়স হয়েছি ৭৬ বছর।
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত্ রায় জানান, কিংবদন্তি এই সরকার ও শিল্পী দীর্ঘদিন ধরে হূদেরাগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। গতকাল হঠাত্ শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই গুণী শিল্পী। তার মরদেহ আপাতত বারডেম হাসপাতালের হীমঘরে রাখা হয়েছে। আজ শুক্রবার তার শেষকৃত্যের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। অনুপ ভট্টাচার্য মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙ্গর তোলো তোলো’সহ বেশ কটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি।
অসংখ্য জনপ্রিয় বাংলা গানের সুরারোপ করেন এই গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া ‘বৈশাখী মেঘের কাছে’ ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ উল্লেখযোগ্য। তিনি নিজে রবীন্দ্রসংগীত গাইতেন অসাধারণ।