জাম্বিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

জাম্বিয়া সফর শেষে গতকাল বৃহস্পতিবার বিকালে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সফরকালে তিনি জাম্বিয়া আর্মি কমান্ডার ছাড়াও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী, এয়ার ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার, জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্টগণের সঙ্গে সাক্ষাত্ করেন এবং জাম্বিয়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন।

গত ৩ মে  জেনারেল আজিজ আহমেদ এবং জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মি. ওয়েজি লুখেলে এর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মি. ওয়েজি লুখেলে বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে উন্নত সম্পর্ক স্থাপনসহ কৃষি ক্ষেত্রে বাংলাদেশের দক্ষতার সহায়তা নেওয়ার ব্যাপারে জাম্বিয়া সরকারের অভিপ্রায় ব্যক্ত করেন। পরে জেনারেল আজিজ আহমেদ সেনা সদর দপ্তরে জাম্বিয়ার আর্মি কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্পে সিকাজওয়ের সঙ্গে সাক্ষাত্ করেন। সাক্ষাতে জেনারেল সিকাজওয়ে উভয় সেনাবাহিনীর মধ্যে সামরিক কার্যক্রম বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সেঞ্জ (এসএমইই) প্রোগ্রাম পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন। এছাড়াও তিনি সামরিক বাহিনীর সদস্যদের জন্য জাম্বিয়ায় অন অ্যারাইভাল ভিসা প্রদানের বিষয়টিও তুলে ধরেন। যা অতি শিগিগরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন জেনারেল সিকাজওয়ে। জাম্বিয়া আর্মি কমান্ডারের আমন্ত্রণে গত ৩০ এপ্রিল তিনি জাম্বিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। —আইএসপিআর