মমতা ব্যানার্জিকে শেখ হাসিনার অভিনন্দন

টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল বিজয় আপনার ওপর পশ্চিমবঙ্গের জনগণের সুগভীর আস্থার প্রতিফলন। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই মমতা ব্যানার্জিকে পাঠানো অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বার্তায় মমতা ব্যানার্জির গতিশীল নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সার্বিক উন্নয়ন ও অব্যাহত অগ্রগতি কামনা করেন। শেখ হাসিনা আশা করেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে, যা দুই বাংলার মানুষের সমৃদ্ধ ভবিষ্যত্ গঠনে সহায়তা করবে। তিনি বলেন, ‘বৈশ্বিক করোনা ভাইরাস মহামারির এই ক্রান্তিকালে বন্ধুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে সংকট থেকে উত্তরণের লক্ষ্যে একযোগে কাজ করে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষভাবে পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়।’ শেখ হাসিনা বলেন, ‘২০২১-এর এই বিশেষ সময়ে যখন আমরা মুজিববর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্যাপন করছি, সেই মাহেন্দ্রক্ষণে আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে পশ্চিমবঙ্গের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের অবদান এবং সেই সঙ্গে আমাদের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনচর্চা।’

দুই বাংলার জনগণের অধিকতর সমৃদ্ধ ভবিষ্যত্ বিনির্মাণের লক্ষ্যে আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেখ হাসিনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন।