এ কেমন পাশবিকতা!

পার্বত্য বান্দরবানের লামায় পাহাড়ে ঘাস খেতে যাওয়া একটি ষাঁড়কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় বুধবার রাতে ষাঁড়ের মালিক কৃষক মো. রফিকুল ইসলাম লামা থানায় মামলা করেছেন। লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার সকাল ৯টার দিকে মিরিঞ্জা নয়াপাড়া এলাকায় বাড়ির কাছেই পাহাড়ে ষাঁড়টিকে ঘাস খেতে দিয়ে আসেন মালিক রফিকুল ইসলাম। এদিন দুপুরের পর পার্শ্ববর্তী মিরিঞ্জা বড় পুইত্তা ত্রিপুরাপাড়ার বিজল ত্রিপুরা ও অথিরাম ত্রিপুরাসহ ছয় যুবক ষাঁড়টির অণ্ডকোষ, চার পা, লেজ কেটে হত্যার চেষ্টা চালায়।  এ সময় সেখানে পাশ দিয়ে লোকজনের চলাচল আঁচ করতে পেরে তারা দ্রুত সটকে পড়েন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ষাঁড়ের মালিক রফিকুল ইসলাম গিয়ে ষাঁড়টি উদ্ধার করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ষাঁড়টিকে বাঁচানো সম্ভব হয়নি বলে অভিযোগ ঐ কৃষকের।

মিরিঞ্জা নয়াপাড়ার বাসিন্দা শহীদ মিয়া জানান, গত দুই বছরে এ এলাকা থেকে ১৬ থেকে ২০টি গরু উধাও হয়ে গেছে। পাহাড়ে ঘাস খেতে বেঁধে রেখে আসার পর বিকালে গিয়ে ঐ গরুগুলো আর পাওয়া যায়নি।