হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর সঙ্গে দুই নারীর অনৈতিক সম্পর্ক খুঁজে পেয়েছে পুলিশ। ফয়েজীকে বুধবার কক্সবাজারের চকরিয়া থেকে আটক করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সম্প্রতি হাটহাজারীতে ঘটে যাওয়া নাশকতার ঘটনার মদতদাতা হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাটহাজারীর তাণ্ডবে মদত এবং নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন এই হেফাজত নেতা।
গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ফয়েজী বিবাহিত হওয়া সত্ত্বেও দুজন নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এদের মধ্যে একজন প্রবাসীর স্ত্রী, অপর জন স্বামী পরিত্যক্তা। ফয়েজীর মোবাইল ফোনে কললিস্ট ও মেসেঞ্জার যাচাই করে এসব ঘটনার সত্যতা পাওয়া যায়।
জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক ইত্তেফাককে বলেন, জিজ্ঞাসাবাদে হাটহাজারী থানায় হামলাসহ নাশকতার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন ফয়েজী। তিনি এসব ঘটনার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন এবং তা বাস্তবায়নে ভূমিকা পালন করেছেন। তিনি তাণ্ডবে অর্থের জোগান দিয়েছেন বলেও পুলিশকে জানিয়েছেন।
হাটহাজারী থানায় দায়ের হওয়া তিনটি নাশকতার মামলায় গতকাল জাকারিয়া নোমান ফয়েজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।