পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসেরভারানী টহল ফাঁড়ির বনের আগুন চার দিন পরে নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের তিনটি টিম চতুর্থ দিনে আগুন নেভাতে কাজ শুরু করে।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আঃ সাত্তার সুন্দরবনের দাসেরভারানী অগ্নিকাণ্ডের স্থল থেকে বিকাল ৫টায় মুঠোফোনে ইত্তেফাককে বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে বাগেরহাট শরণখোলা মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যরা বনে দুইটি নজেল পাইপ দিয়ে আগুনে পানি দেওয়া শুরু করেন। বনের ১৯টি পয়েন্টে অল্প অল্প করে জ্বলা আগুন নিয়ন্ত্রণে এলেও জায়গায় জায়গায় ছাই থেকেও ধোয়া বের হচ্ছে। গত ৩ মে শরণখোলা রেঞ্জের দাসেরভারানী টহল ফাঁড়ির বনে যেখানে আগুন লেগেছিল সেখান থেকে আধা কিলোমিটার দক্ষিণে ৫ মে সকালে নতুন করে বনের বিস্তীর্ণ জায়গায় আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলা ফায়ার স্টেশনের কর্মীরা বুধবার সকাল ১০টা থেকে সারা দিন দুইটা পাইপের সাহায্যে পানি দিয়ে আগুন নেভানোর কাজ করে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে আগুন নিভে গেছে তবে কিছু কিছু জায়গা থেকে নতুন করে ধোয়া বের হচ্ছে সেগুলো বন্ধ করার কাজ করছে বনরক্ষী ও ফায়ার সার্ভিস কর্মীরা।