বান্দরবানে মিয়ানমারের আরাকান আর্মির তিন সদস্য গ্রেফতার

বান্দরবানে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির (এএ) প্রশিক্ষণপ্রাপ্ত তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে বান্দরবান সদর উপজেলার প্রবেশপথের রেইছা সেনাবাহিনীর চেকপোস্টে অটোরিকশা থামিয়ে তল্লাশি করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নিওয়াই (২৯), চসি (৩১) ও চলুমং (২৮)। তাদের বাড়ি মিয়ানমারের আরাকান রাজ্যের মান্দা এলাকায়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে। আটক যুবকদের মধ্যে চসির বোন বান্দরবান সদর উপজেলার ২ নম্বর কুহালং ইউনিয়নের ডলুপাড়ায় বসবাস করে। বোনের বাসায় যেতে কক্সবাজার থেকে ট্যাক্সিযোগে বান্দরবানে প্রবেশ করেন। জেলা সদরের প্রবেশমুখে রেইছা সেনাবাহিনীর চেকপোস্টে আটক হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, আটক যুবকেরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী ওয়ালিদং এলাকা দিয়ে কয়েক দিন আগে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তাঁরা মিয়ানমারের আরাকান রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির প্রশিক্ষণশিবিরে তিন মাস প্রশিক্ষণ নেওয়ার পর বাংলাদেশে পালিয়ে এসেছেন। জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিষয়টি স্বীকার করেছেন। মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে সেই দেশের সেনাবাহিনীর মধ্যে কিছুদিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে।