সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদের মর্যাদা যেন ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। গতকাল বৃহস্পতিবার এক ফেসবুক লাইভে এসে তিনি এ আহ্বান জানান।
খন্দকার মাহবুব বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পদটি অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ। শেরে বাংলা এ কে ফজলুল হকসহ অনেক খ্যাতিমান ব্যক্তি এই পদে অধিষ্ঠিত ছিলেন। তাই বর্তমান সভাপতির মৃত্যুর কারণে সৃষ্ট পরিস্থিতিতে আমাদের দায়িত্বশীল হতে হবে।
প্রসঙ্গত গত মার্চ মাসে অনুষ্ঠিত বারের নির্বাচনে সভাপতি নির্বাচিত হন সরকারসমর্থিত প্যানেল থেকে সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু। কিন্তু করোনায় মতিন খসরু মারা গেলে বারের সভাপতি পদটি শূন্য হয়। এই শূন্য পদে সভাপতি নির্বাচনে মঙ্গলবার বারের বিশেষ সভা ডাকা হয়। সভায় সভাপতিত্ব কে করবেন তা নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। পরে আওয়ামীপন্থি আইনজীবীরা অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনকে সভাপতি মনোনীত করেন।