করোনার টিকা নিয়ে অনিশ্চয়তা ও বাণিজ্য গ্রহণযোগ্য নয় —জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ব্যবসার দৃষ্টিকোণ থেকে করোনা টিকা আমদানি করায় বিকল্প উত্স রাখা হয়নি, তাই দেশে টিকা ব্যবস্থাপনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। তৃতীয় পক্ষ হিসেবে একটি কোম্পানি কোটি কোটি টাকা মুনাফা অর্জন করেছে, কিন্তু নিশ্চয়তা মেলেনি টিকা পাওয়ার। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, সংবাদমাধ্যমের খবর অনুযায়ী একটি বেসরকারি কোম্পানির মাধ্যমে করোনার টিকা আমদানি করে সরকার। এতে টিকাপ্রতি ঐ কোম্পানি ৭৭ টাকা মুনাফা করেছে। জাপা চেয়ারম্যান বলেন, করোনার টিকা নিয়ে বাণিজ্য গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের পরিকল্পনা জনগণ জানতে আগ্রহী।

দেশে আইনের শাসন নেই :বাবলু

এদিকে, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন—দেশে সুশাসন নেই, আইনের শাসন নেই। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এবং জাপার প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা, এম এ রাজ্জাক খান, লোকমান হোসেন ভুঁইয়া রাজু, তরিকুল ইসলাম বাবু প্রমুখ। এর আগে স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এছাড়াও তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।