আসাদ গেট আড়ংকে ১ লাখ টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা না করায় আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আসাদগেট আড়ংয়ের আউটলেটে জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

সূত্র জানায়, গতকাল বিকালে শপিংমল পরিদর্শনে বের হন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এসময় ধারণক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জরিমানার বিষয়ে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, করোনা মহামারি প্রতিরোধে শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখতে হবে। কিন্তু আড়ংয়ে ধারণক্ষমতার বেশি ক্রেতা প্রবেশ করেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করছেন। এজন্য জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট।