মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ বোমা হামলায় আহত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও মোহাম্মদ নাশিদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন। খবর আলজাজিরা ও নিউজ ১৮ এর

মালদ্বীপের পুলিশ এক বিবৃতিতে জানায়, বাড়ির কাছে বোমা হামলায় সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদ (৫৩) আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিত্সাধীন। এ হামলায় নাশিদের অন্তত একজন দেহরক্ষীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদ টুইটারে এক বিবৃতিতে বলেন, এ জাতীয় কাপুরুষোচিত আক্রমণকারীদের আমাদের সমাজে স্থান নেই। প্রার্থনা করি নাশিদ এবং এই হামলায় আহত অন্যরা যাতে দ্রুত সুস্থ হয়ে যান। নাশিদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

নেপালের ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে জানিয়েছেন, এই বিস্ফোরণটি ঘটে যখন নাশিদ (৫৩) রাজধানী মালেতে তার গাড়িতে উঠছিলেন। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। সাধারণ মানুষকে চলাচলে এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে। বিস্ফোরণে বিদেশি পর্যটকও আহত হয়েছেন বলে জানা গেছে। ২০১৯ সালে তার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় পার্লামেন্টের স্পিকার হন নাশিদ। তিনি দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। ২০০৮ সালে তিনি দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। ২০১২ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হয়।