রবীন্দ্র জন্মজয়ন্তীতে সুরবিহারের প্রযোজনায় শতকণ্ঠে রবীন্দ্রসংগীত ‘ঐ মহামানব আসে’

 বিনোদন রিপোর্ট

 

রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায় পরিচালিত মিউজিক স্কুল ‘সুরবিহার’-এর প্রযোজনায় রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশ করেছে শতকণ্ঠে ‘ঐ মহামানব আসে’। গানটির সংগীতায়োজন করেছেন তানভীর তারেক। গানটিতে সুরবিহারের শতাধিক সংগীত ও নৃত্যের শিক্ষার্থী অংশ নিয়েছেন।  উল্লেখ্য, দেশের করোনাকালীন এই পরিস্থিতিতে সংগীত স্কুল হিসেবে প্রথম সুরবিহারই অনলাইনে ক্লাস শুরু করে। রবীন্দ্রজয়ন্তীর এই বিশেষ পরিবেশনায় তাই সুরবিহারের দেশের শিক্ষার্থীর পাশাপাশি আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভারতসহ একাধিক দেশের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। তানভীর তারেকের নিজেস্ব স্টুডিও ‘কোলাহল’-এ এই বিশেষ গানটি ধারণ করা হয়। মূলত শিল্পীরা যার যার অবস্থান থেকে মিউজিক ট্র্যাকের সঙ্গে গানটি প্রথমে রেকর্ড করে পরে লিপসিং করে পাঠিয়ে দেয়। ভার্চুয়ালি পরবর্তীতে তা স্টুডিওতে সমন্বয় করে হয়। পুরো আয়োজনটি প্রসঙ্গে সুরবিহারের পরিচালক অণিমা রায় বলেন, ‘এটা রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে আমাদের শ্রদ্ধার্ঘ্য। আমরা নিয়মিতভাবেই এটি করে থাকি। তবে এবারে নানা দেশের শিক্ষার্থীদের নিয়ে একটু বড় পরিসরে কাজটি করতে চেয়েছি। আমি কৃতজ্ঞ সাদী মহম্মদ, শাহীন সামাদ, ফাতেমা তুজ জোহরা, সাজেদ আকবর, সালমা আকবর, সামিনা হোসেন প্রেমাদের মতো দেশের গুণী শিল্পীরা আমাদের এই আয়োজনে সম্পৃক্ত থেকেছেন।’

শতকণ্ঠে ‘ঐ মহামানব আসে’ গানটি দেশের একাধিক টিভি চ্যানেলে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ফিলার হিসেবে প্রচার করবে বলে জানা যায়।