আবাহনী ৬ রহমতগঞ্জ ০
স্পোর্টস রিপোর্টার
দুই দিন বিরতি দিয়ে গতকাল পুনরায় শুরু হওয়া প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী ৬-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। হ্যাটট্টিক করেছেন হাইতির ফরোয়ার্ড বেলফোর্ট। লিগের পঞ্চম হ্যাটট্টিক দেখলেন টিভির দর্শক।
আত্মঘাতী গোল হজম করেছিল রহমতগঞ্জ। ২৭ মিনিটে সেই গোলের সুযোগে আবাহনী এগিয়ে যায়। তার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রচণ্ড গরমে উত্তপ্ত মাঠে ৯০ মিনিটের লড়াইয়ে আবাহনী খেলল। আর পেছনে পেছনে দৌড়াল রহমতগঞ্জ। ম্যাচের ছবিটা এমনই ছিল। এক দুই বার রহমতগঞ্জের বিদেশি ফুটবলার ছুটে ছিলেন কিন্তু কী করতে চাইলেন সেটা বুঝা গেল না। তাজিকিস্তানের খুরশেদকে স্পর্শ করে আত্মঘাতী গোল হজম করে রহমতগঞ্জ। ফরোয়ার্ডে নাইজেরিয়ান ফেলিক্স একবার গোল শোধ করার সুযোগ পেয়েও বুঝে উঠতে পারেননি। বলটা বাইরে চলে যায়।
ম্যাচের বাকি চিত্র পুরোটাই আবাহনীকে ঘিরে। প্রথমার্ধে হাইতির বেলফোর্ট কারভিন্স ২ গোল করেন। তাকে রাখতে পারেনি কোচ গোলাম জিলানীর রহমতগঞ্জ। ডিফেন্ডারদের অসতর্কতা। আবাহনীর আক্রমণের ওপর নিখুঁত চোখ রাখতে পারেনি তারা। সুযোগে বেলফোর্ট গোল আদায় করেন। ব্রাজিলিয়ান রাফায়েলের কাটব্যক। বেলফোর্ট গোল করেন ২-০। অসহায়ের চোখে তাকিয়ে দেখলেন অধিনায়ক এবং গোলকিপার রাসেল মাহমুদ লিটন। দ্বিতীয়ার্ধে আবার সেই রাফায়েল-বেলফোর্ট জুটি। রাফায়েলের ক্রস, বেলফোর্ট হেড করে জালে বল রাখলেন ৩-০। পরিস্থিতি খারাপ দেখে বেলফোর্টকে আটকানোর চেষ্টা করলে বেলফোর্ট অন্য প্রান্তে চলে যান। ৬২ মিনিটে বেলফোর্টের হ্যাটট্টিক, ৪-০।
রহমতগঞ্জের অসহায়ত্ব দেখে গোলের সুযোগ নিলেন দুই ডিফেন্ডার মামুন মিয়া এবং আফগানিস্তানের মাসিহ সাইঘানী। দুই জনেই গোল করলেন ৫-০। এই ম্যাচের আগে আবাহনীর পয়েন্ট- ১৫ ম্যাচে ৯ জয়, ৫ ড্র, ১ হারে ৩২ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে। সমান খেলায় রহমতগঞ্জ ৩ জয়, ১৪ পয়েন্ট নিয়ে আটে।