টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের দল ঘোষণা

ইংল্যান্ডের সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের ফাইনাল শুরু হবে ১৮ জুন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলতে আগামী ২ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে ভারত। গতকাল ফাইনালের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলে জায়গা হয়নি পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, চায়নাম্যান কুলদ্বীপ যাদব ও ওপেনার পৃথ্বি শর। মূল দলের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে ৪ ক্রিকেটারকে নিয়ে যাবে বিরাট কোহলির দল। ফাইনাল শেষে ৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের  টেস্ট সিরিজ খেলবে ভারত। লম্বা সফর বলেই ইংল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চড়ার আগে করোনার টিকার প্রথম ডোজ নিবেন ভারতীয় ক্রিকেটাররা।

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক),  রোহিত শর্মা, শুবমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, হানুমা বিহারি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল ও ঋদ্ধিমান সাহা (শেষের দুইজন ফিটনেস বিবেচনায় দলে আসবেন)। স্ট্যান্ডবাই: অভিমান্যু ঈশ্বরন, প্রাসিদ কৃষ্ণা, আবেশ খান এবং আরজান নাগাশ্বলা।