ইত্তেফাক রিপোর্ট
মহামারি করোনা ভাইরাসের কারণে আর্থিক সংকটে পড়া মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রাখার পাশাপাশি তাদের ঈদ উপহারও দিচ্ছে আওয়ামী যুবলীগ। চলমান লকডাউনের শুরু থেকে ত্রাণ বিতরণ করছে সংগঠনটি। ১৫ রমজানের পর এর সঙ্গে যোগ হয় ঈদউপহার। রাজধানীসহ সারা দেশে যুবলীগের এই মানবিক কর্মকাণ্ড চলছে। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঐতিহ্যবাহী ঢাকা কলেজের কর্মচারীদের মধ্যে ঈদউপহার বিতরণ করেন ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ‘করোনা মহামারির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ সারা দেশে জনগণের সেবায় কাজ করছে। এই দুর্যোগ যত দিন থাকবে, যুবলীগ তত দিন প্রিয় নেত্রীর নির্দেশে সেবা করে যাবে—ইনশাআল্লাহ। যে কোনো সংকটে, দুর্বিপাকে, সংগ্রামে যুবলীগ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।’
অনুষ্ঠানে মজিবুর রহমান চৌধুরী নিক্সন শতাধিক কর্মচারীকে ঈদ উপহার তুলে দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের শিক্ষকবৃন্দ, কেন্দ্রীয় যুবলীগের অর্থ সম্পাদক সাহাদাত্ হোসেন, সহ-সম্পাদক রাজু হোসেন, কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম জোয়ার্দ্দার, ধানমন্ডি থানা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আহাদ হোসেন সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লা হিল কাফিসহ সাবেক ছাত্র এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ।