গাজীপুর প্রতিনিধি
করোনা সংক্রমণের কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহিদ আহসানউল্লাহ মাস্টারের ১৭তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল গাজীপুর, টঙ্গীসহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে ছিল আহসানউল্লাহ মাস্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, ইফতারি ও তবারক বিতরণ এবং স্মরণসভা। দিনের প্রথম প্রহরে গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদে মরহুম আহসানউল্লাহ মাস্টারের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কবরে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অন্যদের মধ্যে কবর জিয়ারতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খান এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, মজিবুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলসহ অন্য নেতৃবৃন্দ। এর আগে দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তাগণ মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করেন।
বিকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি আহসানউল্লাহ মাস্টারের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন।