বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রকৃত অর্থে গণতন্ত্রের অগ্নিবীণার দেশে ফিরে আসা। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
২০০৭ সালের এই দিনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তত্কালীন সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে দেশে ফিরে আসেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা জানেন, ২০০৭ সালে দেশে যে সেনাসমর্থিত সরকার এসেছিল, তারা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিদেশে চিকিত্সা শেষে দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। শুধু তাই নয়, সব এয়ারলাইন্সকে তারা সেই নিষেধাজ্ঞার চিঠি দিয়েছিল এবং জননেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তখন বলেছিলেন, তিনি সেইসব মামলা আদালতে আইনগতভাবে মোকাবিলা কর?তে চান এবং নিজের দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা কখনো গ্রহণযোগ্য নয়।
তথ্যমন্ত্রী বলেন, এই প্রত্যাবর্তনের ফলে যে জননেত্রীর ওপর আক্রমণ হতে পারে, নিষেধাজ্ঞাকারীরা যে কোনো কিছু করার চেষ্টা কর?তে পারে, সেই সব ঝুঁকি মাথায় নিয়েই বঙ্গবন্ধুকন্যা ফিরে এসেছিলেন। আর তার ফিরে আসার মধ্য দিয়েই লড়াই-সংগ্রামে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। এরপরই ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ধস নামানো বিজয় অর্জন করেছিল এবং সেই পথ ধরেই বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রা এবং এর পাশাপাশি উন্নয়নের অগ্রযাত্রাও অব্যাহত রয়েছে।