গাজীপুরে চেক পেলেন সামাজিক বনায়নের উপকারভোগীরা

গাজীপুর প্রতিনিধি

সামাজিক বনায়নের আওতায় উপকারভোগীদের লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। গতকাল গাজীপুর ভাওয়াল ও জাতীয় উদ্যান রেঞ্জের বিভিন্ন বিটের উপকারভোগীদের চেকগুলো  দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার,  সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ ও বিভাগীয় হিসাবরক্ষক মো. আতাউর রহমান। বিভাগীয় বন কর্মকর্তা জানান, সামাজিক বনায়নের মূল উদ্দেশ্য দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের স্বনির্ভর হতে সহায়তা করা। পাশাপাশি নতুন করে বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।  রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, ভাওয়াল ও জাতীয় উদ্যান রেঞ্জের পাঁচটি বিটের ৬৬ জন উপকারভোগীকে ১ কোটি ১ লাখ ৮৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।