দুর্ঘটনার আশঙ্কা, সরিয়ে নেওয়ার দাবি এলাকাবাসীর
কাজী রফিক, টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীতে আবাসিক এলাকায় গড়ে উঠেছে কেমিক্যালের ব্যবসা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি, দ্রুত কেমিক্যালের ব্যবসা সরিয়ে নেওয়া হোক। অন্যথায় পুরান ঢাকার রাসায়নিক গুদামে লাগা আগুনের মতো বড় কোনো ঘটনা ঘটতে পারে। কিছু দিন পরপরই আগুন লাগার নজির আছে এই কেমিক্যাল মার্কেটে। কিছুদিন আগে হাফিজ উদ্দিন বেপারী রোডের একটি কেমিক্যালের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সে সময় স্থানীয় প্রশাসন কিছু নীতিমালা দিয়ে চলে গেলে আবার কেমিক্যাল ব্যবসায়ীরা তাদের দার্হ্য পদার্থ ক্রয়-বিক্রয় শুরু করে।
টঙ্গী সমবায় কমপ্লেক্সে ছাড়া ও চম্পাকলি রোড, গাজীবাড়ী রোড, মাছিমপুরসহ আশপাশের আবাসিক এলাকা জুড়ে রয়েছে কয়েক শত কেমিক্যাল বা রাসায়নিক গুদাম। এলাকাটি ঘনবসতি হওয়ায় কেমিক্যালের গুদামের চারপাশ জুড়ে রয়েছে একাধিক কিন্ডারগার্টেন স্কুল। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, কেমিক্যালের একটি গুদামে আগুনের সূত্রপাত হলে পুরো এলাকা ধ্বংসযজ্ঞে পরিণত হতে পারে । সরেজমিনে দেখা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় কেমিক্যাল ব্যবসায়ীরা যত্রতত্র অনুমোদনহীন বিভিন্ন দাহ্য পদার্থ রেখে ক্রয়-বিক্রয় করে আসছে। পুরো এলাকা কেমিক্যালের উত্কট গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে করে শিশু থেকে নানা বয়সের মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
টঙ্গী-ঘোড়াশাল সড়কের ফুটপাত দখল করে ড্রামভর্তি কেমিক্যাল জনসাধারণের চলাচলের জায়গায় রেখে দিয়েছে। এতে করে সড়কে চলাচলরত পথচারীর সিগারেটের আগুনেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে টঙ্গী কেমিক্যাল ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা মো. ফিরোজ আলম বলেন, ‘আমরা সমবায় মার্কেটে ১৯ বছর ধরে কেমিক্যালের ব্যবসা করে আসছি। গাজীপুর সমবায় অধিদপ্তর টঙ্গী অঞ্চলের ম্যানেজার মো. কামাল হোসেনের অনুমতিক্রমেই ব্যবসা করে আসছি।’ গাজীপুর সমবায় অধিদপ্তর টঙ্গী অঞ্চলের ম্যানেজার মো. কামাল হোসেন বলেন, ‘আমরা শুধু সরকার অনুমোদিত কেমিক্যাল ব্যবসা করার অনুমতি দিয়েছি।’ টঙ্গী সমবায় কেমিক্যাল মার্কেটের পদ্মা কেমিক্যালের মালিক আবু জাফরে কাছে জানতে ফোনে যোগাযোগ করা হলে, তিনি তার দোকানের মালিকানা অস্বীকার করে ফোন কেটে দেন। এ ব্যাপারে বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ‘তাদের কেমিক্যাল ব্যবসা করার জন্য আমরা কোনো ধরনের অনুমতি দেইনি। যদি অনুমতি ছাড়া ব্যবসা করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’