সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীতে গাছ চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ঐ এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)। স্থানীয়রা জানান, টিন শেডের ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তারা। এমন সময় ঝোড়ো হাওয়ায় গাছ ঘরে উপড়ে পড়লে মারা যান এই দম্পতি। ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের তিন সন্তান। ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৫০ টাকা পাওয়ার তালিকায় ছিল ঘুটু মিয়া। কয়েকদিন পর এই টাকা পেতেন তিনি। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, আম ও মেহগনি গাছ বেষ্টিত ছিল ঐ ঘর। রাতে ঝড়ে গাছ উপড়ে পড়লে বিধ্বস্ত হয়ে স্বামী-স্ত্রী মারা যান।