পশ্চিম সুন্দরবনে রেড অ্যালার্ট

কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

হুমায়ুন কবির, কয়রা (খুলনা) সংবাদদাতা

পশ্চিম সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঈদকে সামনে রেখে বনজসম্পদ রক্ষায় বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়। বনবিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের হরিণ শিকার, অবৈধভাবে গাছ কাটা এবং বিষ দিয়ে মাছ শিকার বন্ধে গত বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে (নলিয়ানে) এক জরুরিসভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ বিশেষ টিম গঠন করে টহল জোরদারসহ প্রত্যেক স্টেশন কর্মকর্তার সমন্বয়ে কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খুলনা রেঞ্জের এসিএফ মো. সলেহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তা। সভায় জানানো হয়, ঈদকে সামনে রেখে এক শ্রেণির চোরাকারবারী এ সুযোগ কাজে লাগিয়ে সুন্দরবনের কাঠ পাচার করে থাকে। এছাড়া এক শ্রেণির অসাধু শিকারিচক্র মায়াবি হরিণ নিধনযজ্ঞে মেতে ওঠে। অন্যদিকে সুযোগ বুঝে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে থাকে অসাধু জেলেরা। এ বছর এ সুযোগ যাতে কাজে লাগাতে না পারে সেদিকে লক্ষ্য রেখে বনবিভাগ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. মো. আবু নাসের মোহসিন হোসেন বলেন, ‘ঈদ উপলক্ষ্যে সুন্দরবনের পুরো এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।’ তিনি বিভিন্ন টহল কার্যক্রম তদারকি করার পাশাপাশি সুন্দরবনে নিজেই টহল কার্যক্রম চালাবেন বলে জানিয়েছেন।