বোরোর ভালো ফলনে খুশি লোহাগাড়ার কৃষক

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

বোরোর ভালো ফলন হওয়ায় এবার লোহাগাড়ার কৃষকরা বেজায় খুশি। ইতিমধ্যে প্রায় ৯০ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। ঘরে ঘরে চলছে ধান মাড়াইয়ের কাজ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৬১০ হেক্টর। চাষ হয়েছে ৩ হাজার ৮৪৫ হেক্টর। কৃষকরা উফশী জাত, ব্রিরি ধান-২৮, ব্রিরি ধান-২৯, ব্রিরি ধান-৩৩, ব্রিরি ধান-৪৮, ব্রিরি ধান-৭৪, ব্রিরি ধান-৬৭ এবং হাইব্রিড জাত হীরা-২, এসএল-৮, সিনজেনটা-১২০৩, তেজ গোল্ড, ইস্পাহানি, রুপালি ও সেরা চাষ করেছে। 

কৃষকরা জানান, কৃষি বিভাগের পরামর্শক্রমে বোরোতে উফশী ও হাইব্রিড ধান চাষ করায় ভালো ফলন হয়েছে। সময়মত বৃষ্টিপাত হলে এ ফলন আরো ভালো হতো। উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম জানান, লোহাগাড়ায় এবারেও মোটামুটিভাবে ভালো ফলন হয়েছে। তবে সময়মতো বৃষ্টি না হওয়ায় ফলন একটু কম হওয়ার শঙ্কা রয়েছে। তবে নতুন জাত যারা করেছে তাদের ভালো ফলন হয়েছে বলে তিনি জানান।