কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শুক্রবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলো—আলম মিয়া (৪০)। এ ঘটনায় ধর্ষণের শিকার ঐ শিশুর মা শুক্রবার সকালে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করেন। কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, গত ৩ মে মেয়েটিকে ধর্ষণ করে চায়ের দোকানের কর্মচারী আলম মিয়া। তিন দিন ঘটনাটি কাউকে বলেনি ধর্ষণের শিকার ঐ শিশু। পরে প্রচণ্ড ব্যথা ও রক্তপাত হওয়ায় বৃহস্পতিবার রাতে মাকে সব ঘটনা খুলে বলে। পরে স্থানীয় চিকিত্সক দিয়ে চিকিত্সা করানো হয়। মেয়েটি নানা-নানির সঙ্গে বসবাস করে। ঘটনার দিন নানা-নানি শিশুটিকে বাড়িতে রেখে রাস্তায় মাটির কাজ করতে যায়। এই সুযোগে তাদের বাড়িসংলগ্ন চায়ের দোকানের কর্মচারী আলম মেয়েটিকে ধর্ষণ করে বলে তার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। শুক্রবার দুপুরে সদর থানাপুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।