রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকাণ্ডের ওয়ারেন্টভুক্ত আসামি মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমা (৩৯) অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে যৌথ বাহিনী উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, যৌথ বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে নানিয়ারচর ইউনিয়নের বেতছড়ি ১৮ মাইল এলাকায় অভিযানে নেমে মিন্টু চাকমার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার শয়ন কক্ষ থেকে একটি একনলা বন্ধুক, দুই রাউন্ড কার্তুজ, একটি নোটবুক ও পাঁচটি মোবাইল সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতকে যৌথবাহিনীর দল প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে নানিয়ারচর থানায় হস্তান্তর করেছে। ওসি আরো বলেন, মিন্টু চাকমা ইউপিডিএফের প্রসীত গ্রুপের সক্রিয় সদস্য এবং তিনি নানিয়ারচরের আলোচিত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা বর্মা হত্যাকাণ্ডের অন্যতম আসামি।