২৫ বছর আগে ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল অনিল কাপুর-মনীষা কৈরালা অভিনীত ‘১৯৪২ :আ লাভ স্টোরি’ সিনেমাটি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের প্রেক্ষাপটে নির্মিত চমত্কার প্রেমকাহিনির সিনেমাটিতে নায়ক অনিল কাপুরের ঠোঁটে কুমার শানুর গাওয়া গান ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। গানটি এখনো সবার মুখে মুখে ফিরে। দীর্ঘদিন পর জনপ্রিয় এই গানের লাইনটি নিয়ে একটি নতুন রোমান্টিক সিনেমা নির্মিত হয়েছে। মজার বিষয় হলো, সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। যেখানে চরিত্রটির কন্যার চরিত্রে অভিনয় করেছেন অনিলেরই কন্যা সোনম কাপুর। নতুন এই রোমান্টিক হিন্দি সিনেমায় দর্শক নতুন কিছু পাবেন—এমন দাবি করেছেন সিনেমাটির প্রযোজক বিধু বিনোদ চোপড়া। তিনি ২৫ বছর আগে নির্মিত ‘১৯৪২ :আ লাভ স্টোরি’ পরিচালনা করেছিলেন। ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’র প্রচারণায় ট্যাগলাইন হিসেবে লেখা হয়েছে ‘বছরের সবচেয়ে অপ্রত্যাশিত রোমান্স’। এ সিনেমার নায়িকা সুইটি চৌধুরীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় আবার ফিরছেন অনিল কাপুর তনয়া সোনম কাপুর। গত বছর বিয়ের পিঁড়িতে বসেছিলেন ৩৩ বছর বয়সী এই বলিউডি তারকা। ২০১৮ সালে সোনমকে তিনটি বলিউডি সিনেমায় দেখা গিয়েছিল। ‘প্যাডম্যান’, ‘ভিরে ডি ওয়েডিং’ ও ‘সানজু’—এ সিনেমাগুলোয় তার চমত্কার পর্দা উপস্থিতি দর্শকদের আলোড়িত করেছিল। ২০০৭ সালে শুরুর পর বলিউডে নায়িকা হিসেবে ক্যারিয়ারের এক যুগ কেটে গেছে সোনমের। শুরুতেই একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিলেও বলিউডের সফল সুপারহিট নায়িকাদের কাতারে পৌঁছাতে পারেননি সোনম। তবে বলিউডের সবচেয়ে ফ্যাশনদুরস্থ স্টাইলিস্ট অভিনেত্রী হিসেবে তার নামটি উচ্চারিত হচ্ছে বেশ ভালোভাবেই। এটিও সোনমের এক ধরনের সাফল্য ও কৃতিত্ব হিসেবে বিবেচনা করা যায় অনায়াসেই। দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আসুজাকে গত বছর বিয়ে করেছেন বলিউডের এই অভিনেত্রী। সংসার জীবনে প্রবেশ করার পর অভিনয়ের চেয়ে পরিবারকে বেশি গুরুত্ব দিচ্ছেন সোনম। তবে বলিউডের শোবিজ থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেননি তিনি। যার বড় প্রমাণ ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ সিনেমাটি। বিয়ের পর সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন। সিনেমাটিতে সোনমের বিপরীতে অভিনয় করেছেন এই সময়ের ব্যস্ত অভিনেতা রাজকুমার রাও। এবারই প্রথম তারা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। প্রথমবারের মতো বাবা অনিল কাপুরের সঙ্গে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে চমক হিসেবে আবির্ভূত হচ্ছেন। ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ সিনেমাটির পর সোনমকে ‘জয়া ফ্যাক্টর’ সিনেমায় দেখা যাবে। বিখ্যাত একটি উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর।