৩৮ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর চেয়ে কম ৩৫ জনের মৃত্যুর খবর এসেছিল গত ২৮ মার্চ। গত ৩৮ দিনে এর নিচে নামেনি। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ১১ হাজার ৮৩৩ জন। দেশে এক দিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর খবর আসে ১৯ এপ্রিল। সেই সময় টানা চার দিন মৃত্যুর     সংখ্যা ছিল ১০০-এর ওপরে।

গত এক দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ৬৮২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জন। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ২ হাজার ১৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪ হাজার ৩৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৪৩টি ল্যাবে ১৭ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৫ লাখ ৯৯ হাজার ২৭৬টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৮৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ১৮ হাজার ১৫১টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ লাখ ৮১ হাজার ১২৫টি।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৩ জন পুরুষ আর নারী ১৪ জন। তাদের ২৮ জন সরকারি হাসপাতালে, আট জন বেসরকারি হাসপাতালে মারা যান। বাসায় মারা গেছেন এক জন। মৃতদের মধ্যে ২০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং  এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৯ জন ঢাকা বিভাগের, ১১ জন চট্টগ্রাম বিভাগের, দুই জন রাজশাহী বিভাগের, এক জন খুলনা বিভাগের, এক জন বরিশাল বিভাগের, দুই জন সিলেট বিভাগের এবং এক জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত মৃত ১১ হাজার ৮৩৩ জনের মধ্যে ৮ হাজার ৫৮৯ জন পুরুষ এবং ৩ হাজার ২৪৪ জন নারী।