সুনামগঞ্জের সাবেক এমপি হেফাজত নেতা শাহীনুর গ্রেফতার

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতার ঘটনায় দায়ের করা  মামলায় হেফাজতে ইসলামের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন আটক হয়েছেন সিলেটে অন্যজন ফেনীতে।

সিলেট অফিস জানায়, দলটির সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী গ্রেফতার হয়েছেন বৃহস্পতিবার মধ্য রাতে। গ্রেফতারের পর রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শাহীনুর পাশা সুনামগঞ্জ থেকে নির্বাচন করে জাতীয় সংসদের সদস্যও নির্বাচিত হয়েছিলেন। এছাড়া সুনামগঞ্জ ও সিলেটে নাশকতার সঙ্গেও তার সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র জিসানুল এই তথ্য জানান।

বৃহস্পতিবার গভীর রাতে সিলেট নগরীর বনকলাপাড়ায় আব্বাসী জামে মসজিদ থেকে শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করে সিআইডির ঢাকার একটি টিম। তিনি এতেকাফে বসেছিলেন। শাহীনুর পাশা চৌধুরী জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য। সিআইডি কর্মকর্তা               জিসানুল হক জানান, সাম্প্রতিক সময়ে হেফাজত ব্রাহ্মণবাড়িয়ায় যে তাণ্ডব চালিয়েছে এর সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী সহিংসতার ঘটনায় অভিযুক্ত হেফাজত নেতাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এবার গ্রেফতার হয়েছেন পালিয়ে থাকা হেফাজত ইসলাম মাওলানা গাজী ইয়াকুব উসমানী (৪৪)। বৃহস্পতিবার বিকেলে ফেনী থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াকুব উসমানী হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন ঐ হেফাজত নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।